অল ক্রাইমস.টিভি ডেস্ক
মাদারীপুরের শিবচরে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং ডাকাতির সময় ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুইজন হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার আজিজুল (৩১) এবং গাইবান্ধার সাঘাটা এলাকার মোকলেস (৩৩)।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকার একটি স্থান থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার), যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা, ঝিনাইদহের উদ্দেশ্যে নিয়ে রওনা দেন।
পথে রাত সোয়া ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ট্রাক তাদের গতিরোধ করে। পরে একদল ডাকাত ট্রাকচালক ও তার সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এরপর তাদের হাত-পা ও চোখ বেঁধে মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়ের করা হয়। পরে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান-এর নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ। সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁ, নরসিংদী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের এক পর্যায়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



