পরীক্ষামূলক সংস্করণ

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে, আর বাকি দুজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগ-এ। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-এ।

এ সময়ে সারা দেশে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩৮২ জনই ঢাকা বিভাগের। একই সময়ে ৮৬২ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যাদের মধ্যে ৩৭০ জন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ৭৭৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৬ হাজার ১৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যে ৩ হাজার ৬১৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১৩ হাজার ২৫৮ জন শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি, নইলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

প্রধান খবর

আসছে...