বিশ্বখ্যাত কে-পপ দল বিটিএস-এর প্রতিষ্ঠাতা বাং সি-হিউককে -এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। অভিযোগ উঠেছে, কোম্পানিকে শেয়ারবাজারে তোলার আগে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন।
পুলিশ জানায়, ২০১৯ সালে বাং বিনিয়োগকারীদের বলেছিলেন তার প্রতিষ্ঠান HYBE-কে শেয়ারবাজারে তোলার কোনো পরিকল্পনা নেই। তবে একই সময়ে তিনি গোপনে সেই প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি KOSPI-তে তালিকাভুক্ত হয়। এতে তিনি প্রায় ২০০ বিলিয়ন ওন মুনাফা করেছেন বলে পুলিশের দাবি, যদিও বাং এ অভিযোগ অস্বীকার করেছেন।
আরও অভিযোগ করা হয়েছে, তিনি বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত করে তাদের শেয়ার একটি প্রাইভেট ইকুইটি ফান্ডের কাছে বিক্রি করতে বাধ্য করেন। ওই ফান্ডটির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তীতে শেয়ার বিক্রি থেকে অর্জিত মুনাফার একটি অংশ তিনি পেয়েছেন বলেও ধারণা তদন্তকারীদের।
বাংয়ের আইনজীবীরা জানিয়েছেন, তারা আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন এবং নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। একই সঙ্গে HYBE দাবি করেছে, তারা কোনো অন্যায় করেনি এবং সংশ্লিষ্ট চুক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আগেই দেওয়া হয়েছিল।
তদন্ত চলাকালে গত আগস্ট থেকে বাংয়ের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন BTS দীর্ঘ বিরতির পর বিশ্ব সফর শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা, এই সফর থেকে কোম্পানিটি বিপুল আয় করতে পারে।
উল্লেখ্য, বাং ১৯৯৭ সালে Park Jin-young-এর সঙ্গে মিলে জেওয়াইপি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন। পরে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা বর্তমানে HYBE নামে পরিচিত এবং এখান থেকেই গড়ে ওঠে বিশ্বজুড়ে জনপ্রিয় BTS।



