অল ক্রাইমস.টিভি ডেস্ক
অভিবাসন পথে প্রাণহানির ভয়াবহ চিত্র সামনে এসেছে ২০২৫ সালে। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৯০০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এই মৃত্যুর খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটি বলছে, নিখোঁজদের মধ্যে অনেকেই অভিবাসন পথেই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অভিবাসন চলাকালে ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ৩ লাখ ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির সর্বনিম্ন চিত্রই তুলে ধরে, বাস্তবে সংখ্যা আরও বেশি হতে পারে।
আইওএম সতর্ক করে বলেছে, অভিবাসন পথে প্রাণহানি রোধে দ্রুত ও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি। নইলে এই মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।



