অল ক্রাইমস.টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের প্রার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কমিশন জানায়, বিএনপি জোটের জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয়ভাবে মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। কমিশনের এই সিদ্ধান্তের ফলে তাদের চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।
একই দিনে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তবে স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থী—মাহবুবা রহমান, শারমিন আক্তার ও মেহেরুন নেছার আবেদন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৬ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আপিল করতে পারবেন।
অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। তাকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার ওপর তার মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আপিল শুনানি ও নিষ্পত্তি চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



