অল ক্রাইমস.টিভি ডেস্ক
সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম রোগ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অতীতে হাম রোগের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল, তবে এখন চিকিৎসক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি চীনা একটি বিশেষজ্ঞ দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।
শিশুদের পুষ্টি বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমানে অনেক মা স্তন্যদান থেকে দূরে সরে যাচ্ছেন, যা শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধির কারণে অনেক শিশুর শারীরিক গঠন দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি মায়েদের ব্যস্ততা ও কর্মজীবনের চাপের কারণে শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
পুষ্টিকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে মায়েদেরকে নিয়মিতভাবে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতন করেন।



