অল ক্রাইমস.টিভি ডেস্ক
পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। এই ধাপকে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর কেন্দ্রটি ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়ায় যাবে। সব পরীক্ষা সফলভাবে শেষ হলে জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে রূপপুর প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে, যা জ্বালানি লোডিংয়ের পথ উন্মুক্ত করে। রূপপুর প্রকল্প পরিচালনা সংস্থা জানিয়েছে, এই ধাপটি অত্যন্ত সংবেদনশীল এবং কঠোর নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের পর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চলবে এবং ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। পুরো প্রক্রিয়া সফল হলে তিন মাসের মধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, যা পরবর্তীতে পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে।
প্রকল্প পরিচালনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, ৫২ জন প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত বিশেষজ্ঞ এবং রাশিয়ান বিশেষজ্ঞদের সমন্বয়ে কেন্দ্রটি পরিচালিত হবে। তিনি জানান, প্রতিটি ধাপেই আন্তর্জাতিক মানের নিরাপত্তা যাচাই নিশ্চিত করা হচ্ছে।
রূপপুর প্রকল্পের দুইটি ইউনিট মিলিয়ে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতা রয়েছে।



