অল ক্রাইমস.টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচিতে উত্তাপ ছড়িয়েছে। একটি ভবনের দেয়ালে স্ক্রিন বসিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, হিলটন হোটেলের বাইরে আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা ট্রাম্প ও এপস্টেইনকে ঘিরে বিভিন্ন ছবি ও নথিপত্র তুলে ধরেন।
প্রতিবাদটি অনুষ্ঠিত হয় বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনের একদিন আগে, যা সাংবাদিক, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত। এবারের অনুষ্ঠানে ক্ষমতায় থাকা অবস্থায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প।
তবে গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। তিনি একাধিকবার বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন, সমালোচনামূলক প্রতিবেদনকে ভুয়া বলে আখ্যা দিয়েছেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। পাশাপাশি হোয়াইট হাউস ও পেন্টাগনে সাংবাদিক প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
এরপরও সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে ট্রাম্প ভিন্নধর্মী ভূমিকা রাখেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



