অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হয়। উভয় পক্ষই বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মাওলানা মামুনুল হক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ইরানের সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং এ বিষয়ে নিজ দেশে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার কথা জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন উপস্থিত ছিলেন।



