অল ক্রাইমস.টিভি ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছে। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।
এ ছাড়া এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।



