অল ক্রাইমস.টিভি ডেস্ক
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে তামিলনাড়ুতে বড় ধরনের চমক দেখিয়েছে দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়ের নতুন রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।
সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ট্রেন্ডে এগিয়ে রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের প্রার্থীরা। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে ১০৪টি আসনে এগিয়ে থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে মাত্র ৫০টি আসনে এগিয়ে থেকে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। ডিএমকের প্রধান প্রতিদ্বন্দ্বী এডিএমকে জোট ৭৭টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। নির্বাচন কমিশনের কঠোর তত্ত্বাবধানে প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
গণনাকেন্দ্রের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি পর্যবেক্ষক ও রিটার্নিং কর্মকর্তা ব্যতীত অন্য কারোর জন্য গণনাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সুপারস্টার বিজয়ের দলের এই অভাবনীয় উত্থান দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে, যা দীর্ঘদিনের প্রথাগত রাজনৈতিক দলগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।



