অল ক্রাইমস.টিভি ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় কলকাতার বিজেপি কার্যালয়ের সামনে উল্লাসে মেতেছেন দলটির নেতা-কর্মীরা।
সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনার চার ঘণ্টা পর পাওয়া তথ্যানুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। এই বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই কলকাতার বিজেপি অফিসের বাইরে উৎসবের আমেজ তৈরি হয়েছে; কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বিজয় উদযাপন করছেন। উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে অনিয়মের কারণে একটি আসনের ভোট স্থগিত থাকায় আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত গণনায় বিজেপি ও তৃণমূলের বাইরে বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে থাকলেও ভারতের জাতীয় রাজনীতির প্রধান বিরোধী দল কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনেই লিড নিতে পারেনি। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম মেশিনের ভোট গণনা করা হচ্ছে। দীর্ঘ ১১ বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জন্য এই ফলাফল বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। দুপুরের মধ্যেই জয়-পরাজয়ের চূড়ান্ত চিত্র স্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকলেও, কিছু কিছু কেন্দ্রে ভোট গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের শাসনভার কাদের হাতে থাকবে, তা আজ বিকেলের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে।



