অল ক্রাইমস.টিভি ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার মুখে তৃণমূল কর্মীদের মনোবল ধরে রাখতে ফেসবুক বার্তায় বিশেষ নির্দেশনা দিয়েছেন মমতা ব্যানার্জি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে। গণনার শুরু থেকেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর আসতে শুরু করলে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে এসে একটি জরুরি ভিডিও বার্তা প্রদান করেন। বার্তায় তিনি অভিযোগ করেন যে, গণনার শুরুতে বিজেপির জয়ের খবর আগে দেখানো একটি কৌশল মাত্র, যা কর্মীদের বিভ্রান্ত করতে পারে। মমতা ব্যানার্জি হাতজোড় করে নিজ দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের প্রতি আহ্বান জানান যেন তারা কোনো অবস্থাতেই গণনা কেন্দ্র ত্যাগ না করেন। তিনি দাবি করেন, প্রায় ১০০টি স্থানে গণনা স্থগিত রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি মেশিনে ত্রুটি বা বিশেষ কিছু ধরা পড়েছে।
মমতা ব্যানার্জি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন তাকে বেশ চিন্তিত দেখা যায়। তিনি উল্লেখ করেন, তিনি আগেই জানতেন বিরোধীদের জয়ের খবর আগে প্রচার করা হবে এবং তৃণমূলের ফলাফল পরে আসবে। তবে তৃণমূল নেত্রীর এমন বার্তার মধ্যেই রাজ্যজুড়ে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে গেরুয়া আবির উৎসব শুরু হয়ে যায়। প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছিল যে মুসলিম ভোট তৃণমূলের দিকে এককভাবে যাওয়ার সম্ভাবনা থাকলেও, গণনার প্রবণতা বলছে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর চব্বিশ পরগনায় এই ভোটগুলো কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং এসএফআইয়ের মধ্যে ভাগ হয়ে গেছে। এই বিভাজন তৃণমূলের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, চতুর্থ রাউন্ডের ভোট গণনা শেষে বিজেপি ১৭০টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা ১৪৮টি, যা বিজেপি ইতিমধ্যেই অতিক্রম করেছে। বিপরীতে, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে রয়েছে, যা ২০২১ সালের নির্বাচনে জেতা ২১৫টি আসনের তুলনায় অনেক কম। এছাড়া বাম দল সিপিএম ২টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য যে, একটি আসনে নির্বাচন স্থগিত থাকায় এদিন ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ২০২১ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৭৭টি আসন, যা এবার নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার পথে।



