পরীক্ষামূলক সংস্করণ

সংঘাতের মাঝেও আয়ের নতুন রেকর্ড এমিরেটসের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো নানা ধরনের প্রভাবের মুখে পড়েছে, যার ফলে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। তবুও এমিরেটস গ্রুপ রেকর্ড ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। এর মধ্যে এমিরেটস এয়ারলাইন একাই ৬ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা করে বিশ্বের সবচেয়ে লাভজনক এয়ারলাইন হিসেবে অবস্থান ধরে রেখেছে।

বৃহস্পতিবার এমিরেটস গ্রুপ ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল প্রকাশ করে এই তথ্য জানায়।

এমিরেটস বাংলাদেশ জানায়, এমিরেটস, ডানাটা এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে গ্রুপটি কর-পূর্ব মুনাফা করেছে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব আয় বেড়ে ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গ্রুপের নগদ সম্পদ ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২ বিলিয়ন ডলারে। এই অর্থবছরে নতুন উড়োজাহাজ, স্থাপনা, প্রযুক্তি ও সরঞ্জামে প্রায় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

এমিরেটস গ্রুপ তাদের মালিক প্রতিষ্ঠান দুবাই ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে ১ বিলিয়ন ডলার লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।

বিশ্বের তৃতীয় সর্বাধিক মূল্যবান এয়ারলাইন ব্র্যান্ড এমিরেটস এয়ারলাইন আবারও সবচেয়ে লাভজনক এয়ারলাইন হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির কর-পূর্ব মুনাফা ৭ শতাংশ বেড়ে ৬ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রাজস্ব আয় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং নগদ সম্পদ দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলারে।

বর্তমানে এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্ক ৮০টি দেশের ১৫২টি শহরে বিস্তৃত। পাশাপাশি ৩২টি কোডশেয়ার ও ১১৭টি অংশীদারিত্বের মাধ্যমে যাত্রীরা ১৭০০-এর বেশি শহরে ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

এমিরেটস এয়ারলাইন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই ফলাফল প্রমাণ করে এমিরেটস গ্রুপের ব্যবসায়িক মডেল অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল। নিরাপত্তা, উদ্ভাবন, দক্ষ জনবল ও অংশীদারিত্বের ভিত্তিতেই তারা এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাণিজ্য ও ভ্রমণের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এমিরেটস কাজ করছে এবং বিশ্বের সেরা সেবা দেওয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে এমিরেটস এয়ারলাইন ৫ কোটি ৩২ লাখ যাত্রী পরিবহন করেছে। অন্যদিকে কার্গো বিভাগ প্রায় ২৪ লাখ টন পণ্য পরিবহন করে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করেছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...