অল ক্রাইমস.টিভি ডেস্ক
তিন দফায় টানা দাম বাড়ানোর পর জেট ফুয়েলের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা। আগে এই দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন জানিয়েছে, নতুন দাম ৭ মে রাত থেকেই কার্যকর হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। পরে ফেব্রুয়ারিতে সামান্য বাড়ানো হলেও মার্চে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটে।
বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় মার্চ ও এপ্রিলে কয়েক দফায় জেট ফুয়েলের দাম বেড়ে যায়। সর্বশেষ দাম গিয়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্থিতিশীলতা ফেরায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



