অল ক্রাইমস.টিভি ডেস্ক
ইরানের ওপর বিমান হামলা চালানোর লক্ষ্য নিয়ে ইরাকের মরুভূমি অঞ্চলে ইসরাইল গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করে এই গোপন ঘাঁটিটি তৈরি করে ইসরাইল। তবে ইরাক সরকারের কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না বা বাগদাদ এই বিষয়ে আগে থেকে জানত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গত মার্চের শুরুতে এক রাখাল ওই মরুভূমি এলাকায় সন্দেহজনক সামরিক গতিবিধি লক্ষ্য করে ইরাকি কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ইরাকি সেনাবাহিনী তদন্তের জন্য ওই এলাকায় অগ্রসর হলে ইসরাইলি বাহিনী তাদের ওপর বিমান হামলা চালায়। এই হামলায় এক ইরাকি সেনা সদস্য নিহত হন, যা নিয়ে বাগদাদ সরকার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কায়েস আল-মুহাম্মাদাভি এই অভিযানকে ‘বেপরোয়া’ হিসেবে অভিহিত করে জানান, এটি কোনো প্রকার সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরাইলি বিমানবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্র বা ‘লজিস্টিক হাব’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এছাড়াও সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের বিশেষ ইউনিট মোতায়েন ছিল। যদিও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা শুরু হলে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি বজায় রাখার কথা বললেও অঞ্চলটিতে ইসরাইলের এমন গোপন তৎপরতা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।



