অল ক্রাইমস. টিভি ডেস্ক
আসামে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্বশর্মা। তাকে শপথ পাঠ করান গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। একই অনুষ্ঠানে আরও কয়েকজন বিধায়কও শপথ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ শীর্ষ নেতারা। এনডিএ জোটের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ব্যারিকেড বসানো, যান চলাচলে পরিবর্তন এবং বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।
শপথের পর নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। হিমন্ত বিশ্বশর্মা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমই নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হবে।
উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আসাম বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে ১০২টি আসনে জয়লাভ করে বড় জয় পায়। এর মধ্যে বিজেপি এককভাবে ৮২টি আসন পেয়ে রাজ্যে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।



