ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থা।
বুধবার সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাঁচতলা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় হোটেলটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। ২৫ কক্ষবিশিষ্ট এই হোটেলে থাকা অধিকাংশ অতিথিই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন। আগুনের সময় অনেকেই ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। প্রাণ বাঁচাতে কয়েকজন অতিথি জানালা দিয়ে নিচে লাফ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে।
হোটেলের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁর কর্মী কেসর সিং জানান, সকাল ৮টার দিকে একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনকে গ্রাস করে।
তিনি বলেন, আগুন দেখতে পেয়েই সহকর্মীদের সতর্ক করি। পরে বাইরে এসে দেখি পুরো হোটেল আগুনে জ্বলছে। কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পেরেছি।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট কাজ করেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



