বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ফলে তাদের ওটিটি প্ল্যাটফর্ম টফি এর মাধ্যমে দেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর একটি। চার বছর পরপর আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে কোটি কোটি ফুটবল সমর্থকের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ না থাকলেও টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মই দর্শকদের প্রধান ভরসা।
বুধবার বাংলালিংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় জানায়, প্রতিষ্ঠানটি ২০২৬ বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে টফিতে বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখতে পারবেন।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এই স্বত্ব অর্জনের ফলে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অন্যদিকে, বাংলাদেশে টেলিভিশনে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখার সুযোগ নিশ্চিত হওয়ায় ফুটবলপ্রেমীদের অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে আয়োজক হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা । ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।



