দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন, দেশের মোট ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং বাকি ৮টি উপজেলায় থাকা ১০০ শয্যার হাসপাতালের জন্য প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে। হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার এই নতুন কার্যক্রম আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একটি বৈঠক করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। মন্ত্রী আরও জানান, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ থাকবে। এর পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে, যেখানে পর্যাপ্ত জনবল ও সব ধরণের সুযোগ-সুবিধা থাকবে। একই সাথে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পাঁচটি বড় শহরে শুধুমাত্র মহিলাদের চিকিৎসার জন্য আধুনিক ডিজাইনের ৫টি এক হাজার শয্যার বিশাল হাসপাতাল নির্মাণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সব ধরণের দুর্নীতির আবর্ত থেকে বেরিয়ে এসে স্বাস্থ্য খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সহজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।



