হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলার দেবপাড়া ইউনিয়নের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য হোসাইন আহমেদের। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার গভীর রাতে হোসাইন আহমেদ ভুক্তভোগীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করেন এবং মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন এবং পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত হোসাইন আহমেদ (২৬) উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং আসন্ন কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্য সচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য পরিচয় ব্যবহার করে আসছিলেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার দুপুরে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



