দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে টাউন হল মাঠ থেকে কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি তেল ও বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করছে না। বরং বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে তারা সাধারণ মানুষের জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দেশের পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এর ফলে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে সীমিত ও নির্দিষ্ট আয়ের প্রান্তিক মানুষ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের সাবলীল পরিচালনায় এই সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা। এছাড়া ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম ও মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।



