বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
দেশে দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই মূল্যবৃদ্ধিকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর বুকে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।
বিক্ষোভ মিছিলটি ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ সড়কের দিকে অগ্রসর হয়। মিছিল চলাকালীন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে আকস্মিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।
এই বিক্ষোভ কর্মসূচিতে সরাসরি অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির এই দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হবে এবং তা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অলরেডি সাধারণ মানুষের নাগালের বাইরে, তার ওপর বিদ্যুতের দাম বাড়ানো ‘বোঝার ওপর শাকের আঁটি’র মতো। বক্তারা অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং জনস্বার্থে কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। রাতের এই বিক্ষোভ কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়।



