আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুপারমার্কেট থেকে প্রায় ১ কোটি অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭৯ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে ভিক্টোরিয়া পুলিশ।
চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল গুঁড়াদুধ, ওষুধ, ভিটামিন, প্রসাধনী, টয়লেট্রিজ ও অন্যান্য মূল্যবান সামগ্রী।
ভিক্টোরিয়া পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। তারা অস্থায়ী, স্টুডেন্ট বা ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ায় ছিলেন।
ডিটেকটিভ অ্যাক্টিং ইন্সপেক্টর রাচেলে সিয়াভারেলা জানান, এই গ্রুপটি শুধু নিজের জন্য চুরি করছিল না। তারা একটি সংগঠিত চোরাচালান চক্রের মাধ্যমে এসব পণ্য নির্দিষ্ট ‘রিসিভারদের’ কাছে পৌঁছে দিত। পরে এসব পণ্য আবার বাজারে বিক্রি হতো।
গত পাঁচ মাস ধরে এই সিন্ডিকেট শিশু খাদ্য, স্কিন কেয়ার, ইলেকট্রিক টুথব্রাশসহ বিভিন্ন পণ্য চুরি করছিল।
পুলিশ প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তিকে টুথপেস্ট ও মধু ভর্তি ব্যাকপ্যাক নিয়ে আটক করা হয়।
পুলিশ জানায়, এখন পর্যন্ত ১৯ জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযান এখনো চলছে।
ভিক্টোরিয়া পুলিশ আরও জানায়, ছিঁচকে চুরি এখন এই রাজ্যে দ্রুত বাড়তে থাকা অপরাধগুলোর একটি। গত এক বছরে ৪১,২৭০টি এমন অপরাধ রেকর্ড হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
রাচেলে সিয়াভারেলা বলেন, “সাম্প্রতিক সময়ে ছিঁচকে চুরি দমনে এটি আমাদের অন্যতম বড় অভিযান।”
সূত্র: স্কাই নিউজ
প্রকাশের তারিখ: ১৭ আগস্ট ২০২৫



