নিজস্ব প্রতিবেদক
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে টাকা ও ফ্ল্যাট দেয়ার ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান।
গত শনিবার (১৬ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদ অর্জন করেন জাবেদ পাটোয়ারী। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই কাজের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাবেদ পাটোয়ারী এবং তার দলের ১২৩ সদস্যকে একটি করে ফ্ল্যাট এবং ১ কোটি টাকা করে উপহার দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশ বাহিনীর বিশেষ শাখার (এসবি) নথি থেকে জানা যায় যে, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ জন সদস্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি লেখেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সান্নিধ্য পাওয়ার জন্যই এটি লেখা হয়। এর ফলস্বরূপ, ২০১৮ সালে জাবেদ পাটোয়ারী আইজিপি পদে নিয়োগ পান।
এদিকে, এই ১২৩ সদস্য প্রত্যেকে রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকার ফ্ল্যাট এবং ১ কোটি টাকা করে পেয়ে থাকেন। এর তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।



