অল ক্রাইমস.টিভি ডেস্ক
পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটও চলছে। ইতোমধ্যে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালে থাইল্যান্ডে সংসদ নির্বাচন হলেও রাজনৈতিক সংকটের কারণে সংসদের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ সালের মে মাসে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছায়। ওই ঘটনায় এক থাই সেনা নিহত হন। পরবর্তী সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রার এক ফোনালাপ ফাঁস হলে ব্যাপক বিতর্ক তৈরি হয়, যার জেরে তাঁর নেতৃত্বাধীন জোট ভেঙে পড়ে। পরে সাংবিধানিক আদালত তাঁকে অযোগ্য ঘোষণা করে।
এরপর ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল সেপ্টেম্বর ২০২৫ সালে প্রধানমন্ত্রী হন এবং সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন। সে অনুযায়ী আজকের নির্বাচনের আয়োজন করা হয়।



