পরীক্ষামূলক সংস্করণ

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বৃদ্ধি এবং এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদে বুধবার (৮ জুলাই) বিকালে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের জীবনযাত্রার মান বাড়াতে সরকারের এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়, যার প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এই সময়ে প্রধানমন্ত্রী চারজন সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৯ জন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দেওয়ার তাগিদ দেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে।” শিক্ষকদের দ্বিতীয় কোনো পেশায় যুক্ত হওয়ার বাধ্যবাধকতা দূর করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোন উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারিনা।” তিনি আরও যোগ করেন, “আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ডারি কোনো জবে অথবা কৃষি কাজে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়। তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও আমরা দেখেছি, এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে শিক্ষকদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন সেজন্য তাদের সম্মানি বাড়ানো প্রয়োজন।” এছাড়া চলতি বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদানের তথ্যও তিনি সংসদকে জানান।

সংসদ সদস্য শাম্মী আখতারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ড্রেস ও স্কুলে ব্যাগ দেয়া হবে।” এই পরিকল্পনার পরিধি স্পষ্ট করে তিনি সংসদে বলেন, “আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারী স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহন করেছি। একই সাথে তাদেরকে স্কুল ব্যাগও দেবো। আমি সংসদে সকল সংসদকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে এই ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লক্ষের মতো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার ভিতর নিয়ে আসবো পর্যায়ক্রমে। সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাআল্লাহ এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব।”

সবশেষে চীনে কাঁঠাল রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।” মালয়েশিয়ার উদাহরণ টেনে তিনি আরও বলেন, “এখান প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি, চীন সফরের আগে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন, উনাদের ওখানে একটি ফল হয় ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মত। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে, মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে ওয়ান বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। তারা যদি পারে নিশ্চয়ই আমরা পারবো এক্সপোর্ট করতে এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।”

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...