দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হামে আক্রান্ত নিশ্চিত হওয়া আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮ জনে পৌঁছেছে।
এদিকে গত একদিনে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১৩ হাজার ৫০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।



