পরীক্ষামূলক সংস্করণ

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মচারী পেনশন সুবিধা পাবেন না— এমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব রায়টি লিখেছেন। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব সমন্বয়ে গঠিত আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।

রায়ে বলা হয়েছে, আইনসভা যৌক্তিক ও নীতিগত বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা না দেওয়ার বিধান করেছে। ফলে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে পেনশন দাবি করার আইনগত সুযোগ নেই।

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ১৯ বছর চাকরি শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা জজ পদে থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে চাকরির মেয়াদ বিবেচনায় ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক সুবিধা চেয়ে ২০১৫ সালে আবেদন করেন।

তবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্বের চাকরিকাল পেনশনের জন্য গণ্য হবে না এবং ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশন পাওয়ার যোগ্য নন।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন মাহবুব মোরশেদ। ২০২১ সালে হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে পেনশন ও অন্যান্য বকেয়া সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জানিয়ে দেন, ২৫ বছর পূর্ণ হওয়ার আগে সরকারি চাকরি থেকে পদত্যাগকারী কোনো কর্মচারী পেনশন সুবিধা পাওয়ার অধিকারী নন।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...