টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ হাজার বসতবাড়ি এবং হাজারো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের ৪০৮টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
এখনও ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে, যেখানে ২৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। রাঙামাটি ও কক্সবাজারে একজন করে দুই ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে।



