সরকারি চাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ করার আগে কোনো কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না এবং তাঁর পূর্বের চাকরিকাল বাজেয়াপ্ত হবে বলে এক পূর্ণাঙ্গ রায়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে এই ঐতিহাসিক রায় প্রদান করেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যা লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব। রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান করেছে যে, ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না।
নথিপত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, মো. মাহবুব মোরশেদ নামের এক কর্মকর্তা ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। সার্ভিসের ১৯ বছর পূর্ণ করার পর ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি অতিরিক্ত জেলা জজ পদে থাকাকালীন স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে, সার্ভিসের ১৯ বছর হিসাব করে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে একটি আবেদন করেন তিনি।
এরই ধারাবাহিকতায়, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয় যে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল (যত দিন চাকরিতে ছিলেন) সম্পূর্ণ বাজেয়াপ্ত হবে। অর্থাৎ, বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩ অনুযায়ী পেনশনের জন্য ওই সময় গণনাযোগ্য হবে না। একই সাথে ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা অনুযায়ী, পেনশনারের চাকরিকাল ২৫ বছর পূর্ণ না হওয়ায় এবং তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন না করায় তিনি পেনশনপ্রাপ্ত নন।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বিএসআর বিধি-৩০০ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ১৮ মার্চ রায় দেন, যেখানে ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ তা মঞ্জুর করেন এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেন। এর ধারাবাহিকতায় আপিল শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনটি মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আগের রায়টি সম্পূর্ণ বাতিল করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানিতে অংশ নেন এবং রিট আবেদনকারী আইনজীবী মো. মাহবুব মোরশেদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন। রায়ের প্রতিক্রিয়া হিসেবে মাহবুব মোরশেদ জানান, রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



