চারদিকে শুধু পানি। ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক আর জনপদ। অনেক পরিবার দিনের পর দিন ঘরবন্দি, কারও ঘরে নেই রান্নার ব্যবস্থা, কোথাও আবার বিশুদ্ধ পানির তীব্র সংকট। এমন দুর্যোগে পানিবন্দি মানুষের পাশে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার, খাদ্য সহায়তা এবং জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে সামরিক বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চট্টগ্রাম এরিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। একই সঙ্গে দুর্গম এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
আইএসপিআরের তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রামের একাধিক উপজেলা, যেখানে হাজারো মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় পরিস্থিতি পরিদর্শন করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে প্রায় দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। নৌবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত তাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের জরুরি অনুরোধের পর বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল, নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাঠে কাজ শুরু করেছে।
এদিকে ভারী বৃষ্টির কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। এসব এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। দ্রুত সেবা নিশ্চিত করতে বন্যাদুর্গত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্পও স্থাপন করেছে সেনাবাহিনী।
আইএসপিআর আরও জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামেও বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
দুর্যোগের এই সময়ে সামরিক বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



