টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি চট্টগ্রাম জেলা থেকে ধীরে ধীরে নামতে শুরু করলেও বিস্তীর্ণ জনপদে ভেসে উঠছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ন।
চট্টগ্রামের মহানগরসহ ১৬টি উপজেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগর, মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সন্দ্বীপ, বোয়ালখালী, আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী। জেলার মোট ১২২টি ইউনিয়ন ও এলাকা এই দুর্যোগের কবলে পড়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। এই প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ধস ও বন্যার কারণে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন ব্যক্তি আহত হয়েছেন। দুর্যোগকালীন সময়ে ৪১৫টি আশ্রয়কেন্দ্রে মোট ১৬ হাজার ৮২১ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।
বন্যার পানি কমার সাথে সাথে জেলাজুড়ে বসতঘর ধসে পড়া, রাস্তাঘাট ভেঙে যাওয়া, সবজিক্ষেত ও ফসলি জমি তছনছ হওয়া এবং কোটি কোটি টাকার মাছের ঘের, প্রকল্প ও পোলট্রি খামার ধ্বংস হওয়ার চিত্র প্রকাশ পাচ্ছে। সাতকানিয়া উপজেলায় সোমবার থেকে পানি নামতে শুরু করায় সরকারি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ১ হাজার ৫০০ মানুষের মধ্যে ১ হাজার ২০০ জন মানুষ নিজ বাড়িতে ফিরে গেছেন। তবে ঘরে ফিরে তারা তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের মুখে পড়েছেন। কাদা-ময়লা এবং আসবাবপত্র নষ্ট হওয়ায় বাড়িগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বন্যার পানি কমতে শুরু করেছে। এই উপজেলার ১৮টি ইউনিয়নের ৮৫ শতাংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন থেকে পানি কমে গেছে। কিছু কিছু এলাকায় এখনও পানি আছে। রাস্তাঘাট ডুবে আছে। পানি কমে আসায় লোকজন নিজ ঘরে ফিরতে শুরু করেছেন। বেশ কিছু মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। আশা করছি বৃষ্টি না হলে আগামী কয়েকদিনের মধ্যে সব এলাকা থেকে পানি কমে আসবে।’
অন্যদিকে বাঁশখালী উপজেলায় এখনও হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা সাঈফ আনোয়ার পরিস্থিতি বর্ণনা করে বলেন, ‘বন্যার পানি কমতে শুরু করেছে। কেউ কেউ বাড়িঘরে গিয়ে যে পরিবেশ দেখতে পাচ্ছেন, তাতে বসবাসের পরিবেশ নাই। অনেকেই গিয়ে দেখছেন তার শেষ সম্বল বসতঘরটি পুরোপুরি ভেঙে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেক দরিদ্র মানুষ কান্না করছেন। সরকারি ত্রাণ সহায়তা ছিল অপ্রতুল। দুর্গত এলাকার অনেক বাসিন্দা সরকারি সহায়তা চোখেও দেখেননি। বন্যার কারণে লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। ফলে যেসব মানুষ দিনে এনে দিনে খায় তাদের অবস্থা অত্যন্ত নাজুক।’ একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা শফকত হোসাইন চাটগামী জানান, এখনও গন্ডামারা, ছনুয়াসহ বেশ কিছু ইউনিয়নে পানিতে তলিয়ে আছে এবং অনেক পরিবার বাড়িঘরের মায়া ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাননি।
বাঁশখালী উপজেলার বর্তমান ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘এই উপজেলার এখনও ৩০ হাজারের মতো মানুষ পানিবন্দি আছেন। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে আশা করছি পানি নেমে যাবে। ইতিমধ্যে অনেকেই নিজ বাড়িতে যেতে শুরু করেছেন। অনেকগুলো মাটির ও কাঁচাঘর বন্যার পানিতে ধসে গেছে। প্রাথমিক হিসেবে মনে হচ্ছে চার হাজারের বেশি ঘর ধসে পড়েছে। সেগুলো নতুন করে নির্মাণ করতে হবে। ইতিমধ্যে আমাদের টিম মাঠে কাজ করছে। কতটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা করা হচ্ছে।’
সরকারি ত্রাণ সহায়তার বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, সোমবার পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৮৪ টন চাল এবং নগদ ৬২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। পুরো জেলায় বন্যা ও দুর্যোগ মোকাবেলায় মোট চাহিদা ছিল ৬২২ টন চাল এবং ১ কোটি ১৫ লাখ টাকার। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আগামী কয়েকদিনও জেলা প্রশাসনের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।



