পরীক্ষামূলক সংস্করণ

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে বাড়ল অভিভাবকদের উপস্থিতি

আন্দোলনের শঙ্কা, পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে ঘোষিত লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা যায়, অন্য দিনের তুলনায় অনেক বেশি অভিভাবক সন্তানদের সঙ্গে কেন্দ্রে এসেছেন এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। অনেকেই জানিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে তারা সন্তানদের একা বাসায় ফিরতে দেবেন না।

বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

এদিকে, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ কর্মসূচিকে ঘিরেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক নাসরিন আক্তার বলেন, গত কয়েক দিনের পরিস্থিতির কারণে সন্তানদের একা পাঠিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। তাই পরীক্ষা শেষে মেয়েকে সঙ্গে নিয়েই বাসায় ফিরবেন।

আরেক অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক সেটাই সবার প্রত্যাশা। তবে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সন্তান যেন ঝুঁকিতে না পড়ে, সে কারণেই তিনি কেন্দ্রে অপেক্ষা করছেন।

অভিভাবক আবদুল কাদের জানান, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার সময় কেন্দ্রে আসলেও আজ পরিস্থিতির কারণে সকাল থেকেই তিনি কেন্দ্রের বাইরে অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...