চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরার সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে মিছিলের প্রস্তুতি নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এতে হাজারো শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। তাই চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশের দাবি জানান তারা।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী শেখ রিফাত বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীর জন্য অন্যায্য হয়ে দাঁড়িয়েছে। তাই তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে রাজধানীর সায়েন্সল্যাবসহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।



