বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৩ জুলাই, ২০২৬ তারিখে তাঁকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে এবং একই দিনে তিনি নৌবাহিনীর কমান্ড (ভার) গ্রহণ করবেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই পর্যন্ত দায়িত্বে থাকবেন। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজিম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ৮৭এ ব্যাচের সদস্য হিসেবে তিনি জ্যেষ্ঠতা ও মেধা উভয় তালিকাতেই ব্যাচমেটদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিসবাহ উল আজিম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে আরও দুটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
তিনি তাঁর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জাতীয় মেধাতালিকায় স্থান পেয়েছিলেন এবং অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেন।
দীর্ঘ ও গৌরবময় নৌ-ক্যারিয়ারে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজিম বহু গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন।
আইএসপিআর জানিয়েছে, আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।



