দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
দলীয় সিদ্ধান্তের পর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের প্রেক্ষাপটেও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। ফলে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শোকজ নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



