দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর এবং ঢাকা বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬৮৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৪ হাজার ৩১৮ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৫ হাজার ৫৩৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়ের মধ্যে টিকাদান সম্পন্ন করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।



