পরীক্ষামূলক সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি: সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হলো আজ (২১ জুলাই)। গত বছরের এই দিনে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় পাইলট, শিক্ষিকা ও ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৬ জন নিহত হন। শোকাবহ এই ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে মাইলস্টোন পরিবার।

দুর্ঘটনার পর আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর দগ্ধদের চিকিৎসা চলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অনেকেই সুস্থ হয়ে ফিরলেও শারীরিক ক্ষতের পাশাপাশি মানসিক ট্রমা এখনো বহন করছেন।

ঘটনার পর তৎকালীন অন্তর্বর্তী সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। প্রায় ১৫০ জনের সাক্ষ্যগ্রহণ এবং ১৬৮টি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে কমিশন ৩৩ দফা সুপারিশসহ প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, উড্ডয়নজনিত ত্রুটির কারণে প্রশিক্ষণ চলাকালে পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। ভবিষ্যতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহিনীর প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ ঢাকার বাইরে স্থানান্তর, বরিশাল ও বগুড়া বিমানঘাঁটির রানওয়ে সম্প্রসারণ এবং নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থার সুপারিশ করা হয়।

এছাড়া প্রতিবেদনে উঠে আসে, ক্ষতিগ্রস্ত ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুসরণ করে নির্মাণ করা হয়নি। নিয়ম অনুযায়ী একাধিক সিঁড়ি না থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে পর্যবেক্ষণ করা হয়।

দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্তর দীর্ঘ চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার ঘটনাটি দেশজুড়ে আশার প্রতীক হয়ে ওঠে। ৯৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ৩৬টি অস্ত্রোপচার ও আটবার স্কিন গ্রাফটিং করা হয়।

অগ্নিদগ্ধ কয়েকটি মরদেহ প্রথমে শনাক্ত করা সম্ভব না হলেও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচজনের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

এক বছর পরও নিহতদের পরিবার, আহত শিক্ষার্থী ও স্বজনদের কাছে ২১ জুলাই গভীর শোকের দিন। অনেকেই এখনো মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেননি।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, নিহতদের কবর জিয়ারত, এক মিনিট নীরবতা, শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া। মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানের সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাসে দিনব্যাপী স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...