ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে বলে মন্তব্য করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’। সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভাটিয়ার লেখা এক মতামত নিবন্ধে দাবি করা হয়েছে, আন্দোলনরত তরুণদের ক্ষোভ মোকাবিলায় সরকার কার্যকর রাজনৈতিক উদ্যোগের পরিবর্তে কঠোর দমননীতির পথ বেছে নিয়েছে।

নিবন্ধে বলা হয়, দিল্লির যন্তর-মন্তরে হাজারো শিক্ষার্থী ও তরুণ সরকারের জবাবদিহি দাবি করে আন্দোলনে অংশ নিলেও তাদের সঙ্গে সংলাপে না গিয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, লাঠিচার্জ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

লেখকের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে থাকলেও তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষ তার সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্দোলনের শুরুতে সরকার শিক্ষা ব্যবস্থার অনিয়ম তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমান আন্দোলন শুধু নিট (NEET) পরীক্ষার অনিয়ম বা সোনম ওয়াংচুকের অনশন ঘিরেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা ব্যবস্থা, সুশাসন, দুর্নীতির অভিযোগ এবং সরকারের জবাবদিহি নিয়ে তরুণদের বিস্তৃত ক্ষোভের বহিঃপ্রকাশ।

নিবন্ধে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন এবং কৃষক আন্দোলনের উদাহরণ টেনে বলা হয়েছে, অতীতেও দীর্ঘ আন্দোলনের মুখে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে।

লেখকের দাবি, বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো আন্দোলনরত তরুণদের আস্থা পুনরুদ্ধার করা। কারণ এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। ফলে প্রচলিত রাজনৈতিক কৌশলে এটি মোকাবিলা করা কঠিন হতে পারে।

উল্লেখ্য, এটি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এ প্রকাশিত প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভাটিয়ার একটি মতামত নিবন্ধের সারসংক্ষেপ। এতে প্রকাশিত বিশ্লেষণ ও মতামত সম্পূর্ণভাবে লেখকের নিজস্ব।



