বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, বিদেশি ও দেশি বিনিয়োগ বাড়াতে সরকার শুল্কমুক্ত (বন্ডেড) সুবিধা সম্প্রসারণ, বিদ্যমান হাই-টেক পার্ক আধুনিকায়ন এবং নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, দেশের মেধাবী তরুণ, উদ্ভাবনী শক্তি ও দক্ষ মানবসম্পদের ওপর ভর করেই বাংলাদেশ প্রযুক্তি খাতে নতুন উচ্চতায় পৌঁছাবে।
তারেক রহমান বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের পরবর্তী বড় অর্থনৈতিক চালিকাশক্তি। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে ব্যবসাবান্ধব পরিবেশ, বিনিয়োগ সুবিধা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ডেটা সেন্টার, স্বাস্থ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, মোবাইল ফোন ও স্যাটেলাইট প্রযুক্তিসহ আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি খাতেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। তাই এই শিল্পে বাংলাদেশের প্রবেশ ভবিষ্যৎ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বাজারের দ্রুত সম্প্রসারণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যেই এ বাজারের আকার প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এই বিশাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবার রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টার্টআপ ও প্রযুক্তি উদ্যোক্তাদের উৎসাহ দিতে বছরে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ অনুদান’ চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উদ্ভাবনী উদ্যোগগুলোকে বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া দেশি-বিদেশি উদ্ভাবক ও স্টার্টআপ উদ্যোক্তাদের বিভিন্ন প্রযুক্তিপণ্য ও উদ্ভাবন ঘুরে দেখেন।



