নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সুন্দর, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে তরুণদের নেতৃত্ব দিতে হবে এবং খেলাধুলার পাশাপাশি শিক্ষা, দক্ষতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও নতুন প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের তরুণরা সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং যে পেশায় আগ্রহ থাকবে, সেই ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির যত্ন এবং দেশের সম্পদ রক্ষায় তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।



