রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ পরিত্যক্ত বস্তু উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা-নিরীক্ষার পর দুটি বস্তুতেই কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।
শনিবার (১ আগস্ট) সকালে মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে যায়।
ডিএমপি জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকার তথ্য পাওয়া যায়। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এক্স-রে পরীক্ষার মাধ্যমে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ বস্তু শনাক্ত করে।
নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। এতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া একটি পরিত্যক্ত বস্তুকেও ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা চালায়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ওই বস্তুতেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক কিছু ছিল না।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তায় পুলিশ সবসময় সতর্ক রয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু দেখলে গুজব না ছড়িয়ে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।



