ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে একটি গার্মেন্টস কোম্পানির লোকজনের বিরুদ্ধে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা চালায়। পরে দুপুরে ডিএনসিসি প্রশাসক, সংসদ সদস্য, থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
ডিএনসিসির দাবি, এ সময় গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলায় ১৫ থেকে ২০ জন আহত হন বলে জানিয়েছে ডিএনসিসি। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।



