রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (৩ আগস্ট) শাহজাহানপুরে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ইন্টেলিজেন্স ও মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
র্যাব জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, ওয়াকিটকি সেট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩-এর কর্মকর্তা জানান, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. স্বাধীন আহমেদ রনি (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে একটি চাইনিজ কুড়াল, চাপাতি, সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার উদ্ধার করা হয়।
পরে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসান (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭.৬৫ মিলিমিটারের তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় নির্মাণাধীন প্রকল্পের ঠিকাদার ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকি ব্যবহার করে যোগাযোগ করতেন বলেও জানিয়েছে র্যাব।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।



