বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি (পারদ) শনাক্ত হয়েছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুদ না করার পাশাপাশি ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় এসব ক্রিমে বাংলাদেশ মান নির্ধারিত মাত্রার চেয়ে বহু গুণ বেশি মার্কারি পাওয়া গেছে।
পরীক্ষায় পাকিস্তানের এস.জে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াটেনিং ক্রিমে ১২০ দশমিক ৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪ দশমিক ৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিমে ৫৯ দশমিক ৮২ পিপিএম এবং নাভিয়া হোয়াটেনিং ক্রিমে ৭৯ দশমিক ৭০ পিপিএম মার্কারি পাওয়া গেছে।
এছাড়া পাকিস্তানের নুর এন্টারপ্রাইজের নুর হোয়াটেনিং ক্রিমে ৮২ দশমিক ৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিমে ১২৩ দশমিক ৩৭ পিপিএম, গৌরি কসমেটিকসের গৌরি বিউটি ক্রিমে ৫৬ দশমিক ৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকসের ন্যাচারাল পার্ল স্কিন ক্রিমে ৬৭ দশমিক ৪৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২) অনুযায়ী প্রসাধনীতে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ পিপিএম। কিন্তু পরীক্ষায় পাওয়া মাত্রা নির্ধারিত সীমার তুলনায় অনেক বেশি।
সংস্থাটি আরও জানায়, বাজারে থাকা অনেক ত্বক ফর্সাকারী ক্রিম বৈধভাবে আমদানি করা হচ্ছে না। লাগেজ বা বিভিন্ন অবৈধ পথে এসব পণ্য দেশে প্রবেশ করে বিক্রি হওয়ায় পণ্যের মান যাচাই করা কঠিন হয়ে পড়ছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএসটিআই সতর্ক করে জানিয়েছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি, অ্যালার্জি, কিডনি সমস্যা ও স্নায়ুতন্ত্রের জটিলতার মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই অনুমোদনহীন বা সন্দেহজনক ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।



