অল ক্রাইমস.টিভি ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার দিন নিখোঁজ থাকার পর জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকার বিসিক শিল্পনগরীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আলমগীর হোসেন জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে। তিনি পরিবার নিয়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। গত রোববার সকালে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তিনি অফিসে পৌঁছাননি। পরে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সেদিনই তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার সন্ধ্যায় স্থানীয়রা বিসিক শিল্পনগরীর পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ জানান, মরদেহের পাশে একটি বোতল পাওয়া গেছে, যা বিষের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।



