প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও অপহরণকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল। দেড় দশকের সেই নৃশংসতার ইতিহাস সংরক্ষণ এবং গণতন্ত্রের জন্য জনগণের আত্মত্যাগকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করতেই এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অহেতুক ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড পরাজিত স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। তার ভাষায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন।
অপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে সব অপরাধীর বিচার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার অপরিহার্য।
জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও সহায়তার বিষয়ে তিনি জানান, আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫০ জন জুলাই যোদ্ধাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ১৩ হাজারের বেশি জুলাই যোদ্ধাকে ক্যাটাগরি অনুযায়ী ভাতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ আর কখনও তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ৩১ দফার পাশাপাশি পর্যায়ক্রমে জুলাই সনদ বাস্তবায়নের কাজ চলছে।
অনুষ্ঠানে গণতন্ত্র ও জনগণের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।



