নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিলে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।
তিনি আরও জানান, প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ উভয়পক্ষকে চাষাঢ়ার কলেজ রোড এলাকা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



