পরীক্ষামূলক সংস্করণ

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার করা ১২ কেজি কুশের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ আভিযানিক দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের তারিকুজ্জামান (২৪) নামের এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা কুশের মূল্য প্রায় ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি জানায়, ‘কুশ’ মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। এতে উচ্চমাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) থাকার কারণে এর মাদকীয় প্রভাব বেশি বলে উল্লেখ করা হয়েছে।

আটক তারিকুজ্জামান বিজিবিকে জানিয়েছেন, ব্যাগে কী ছিল তা তিনি জানতেন না। পরিচিত এক ব্যক্তি তাকে ব্যাগটি ঝাউডাঙ্গা এলাকায় পৌঁছে দিতে বলেছিলেন বলে দাবি করেন তিনি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিত চলবে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...